News71.com
 Bangladesh
 09 May 20, 07:59 PM
 256           
 0
 09 May 20, 07:59 PM

সাংবাদিকদের জন্য আর্থিক প্রণোদনাসহ নির্দিষ্ট চিকিৎসাকেন্দ্র স্থাপন করুন’॥মোহাম্মদ নাসিম এমপি

সাংবাদিকদের জন্য আর্থিক প্রণোদনাসহ নির্দিষ্ট চিকিৎসাকেন্দ্র স্থাপন করুন’॥মোহাম্মদ নাসিম এমপি

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি কর্মরত সাংবাদিকদের আরও উৎসাহ-উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে আর্থিক প্রণোদনা প্রদান ও তাদের জন্য নির্দিষ্ট চিকিৎসা কেন্দ্র স্থাপন করার আহ্বান জানিয়েছেন। শনিবার এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানিয়ে বলেন, এখনই সরকারের সংশ্লিষ্ট মহল ও মিডিয়ার মালিকদের এক্ষেত্রে এগিয়ে আসতে হবে।

মোহাম্মদ নাসিম বলেন, করোনা যুদ্ধে ফ্রন্টফাইটার আজকের সাংবাদিক বন্ধুরা। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন শহর ও মফস্বল অঞ্চলে দিনরাত জীবনের ঝুঁকি নিয়ে করোনা সংক্রান্ত বিভিন্ন খবর, সরকারি ব্যবস্থাপনা, ত্রাণ তৎপরতাসহ চিকিৎসা সংক্রান্ত সকল সুবিধা-অসুবিধার সংবাদ মাঠে থেকে সংগ্রহ করছে। ইতিমধ্যে কয়েকজন সাংবাদিক মৃত্যুবরণ করেছে এবং অনেকে করোনায় আক্রান্ত হয়েছে। অনেকে অসুবিধার মধ্যে প্রতিনিয়ত সংবাদপত্র চালু রাখতে কাজ করে যাচ্ছে। সংবাদ মাধ্যম জনগণের কাছে এখনও প্রতিদিনের প্রয়োজনীয় খোরাক হিসেবে উপস্থাপন করছে। দুর্ভাগ্যজনক এই পরিস্থিতিতেও করোনা আক্রান্তদের জন্য কোনও সুনির্দিষ্ট চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হয়নি। এই অবস্থায় সাংবাদিকদের আর্থিক প্রণোদনার ব্যবস্থাসহ অন্য বিষয়গুলো কার্যকর করতে এগিয়ে আসার জন্য তিনি তথ্যমন্ত্রীর প্রতি পুনর্বার অনুরোধ জানান।

বিবৃতিতে মোহাম্মদ নাসিম আরও বলেন, এখন এদেশে অনেক কর্পোরেট হাউস এবং শিল্পগোষ্ঠী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মালিক ও সম্পাদক। এরা যদি সম্মিলিতভাবে কর্মরত সাংবাদিকদের জন্য আপৎকালীন আর্থিক তহবিল গঠন করে এবং প্রয়োজনীয় চিকিৎসার জন্য সুনির্দিষ্ট বেসরকারি হাসপাতালের ব্যবস্থা করে, তাহলে আমি বিশ্বাস করি এই দুঃসময়ে সাংবাদিকরা আরও উৎসাহ-উদ্দীপনা ও শক্ত মনোভাব নিয়ে করোনাবিরোধী যুদ্ধে দেশ ও জনগণের পাশে থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন