
নিউজ ডেস্কঃ দেশে করোনাভাইরাস শনাক্তের বিবেচনায় মৃত্যুর হার ১.৫ শতাংশ বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।শনিবার (৯ মে) দেশের করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে তিনি এসব তথ্য জানান।দেশে করোনায় আক্রান্তের হার ঊর্ধ্বমুখী। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৪৬৫টি নমুনা পরীক্ষা করে ৬৩৬ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত ১৩ হাজার ৭৭০ জন কোভিড রোগী শনাক্ত হয়েছেন। অপরদিকে গত ২৪ ঘণ্টায় ৮ জনসহ মোট মৃত্যু হয়েছে ২১৪ জনের।নাসিমা সুলতানা বলেন, ২৪ ঘণ্টায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সুস্থতার হার ৯১.৮ শতাংশ এবং মৃত্যুর হার ৮.২ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৫ শতাংশ এবং সুস্থতার হার ১৭.৫ শতাংশ।
এদিকে এ পর্যন্ত মোট ২ হাজার ৪১৪ জন রোগী সুস্থ হয়ে ফিরেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।তিনি আরও বলেন, ঢাকা বিভাগে শনাক্ত হয়েছে ৯ হাজার ১৭৭, চট্টগ্রাম বিভাগে ৫৭৬, সিলেট বিভাগে ১৬৩, রংপুর বিভাগে ২৬৩, খুলনা বিভাগে ২১১, ময়মনসিংহ বিভাগে ৪১১, বরিশাল বিভাগে ১৩০ এবং রাজশাহী বিভাগে ১৫৩ জন। ঢাকা শহরে ৫৮.২৮ শতাংশ, ঢাকা বিভাগের ২৩.৭৯ শতাংশ, চট্টগ্রামে ৫.৪৫ শতাংশ, সিলেটে ১.৫৪ শতাংশ, রংপুরে ২.৪৯ শতাংশ, খুলনায় ২ শতাংশ, ময়মনসিংহে ৩.৭৮ শতাংশ, বরিশালে ১.২৩ শতাংশ এবং রাজশাহীতে ১.৪৫ শতাংশ শনাক্ত হয়েছেন।