
নিউজ ডেস্কঃ ফেসবুকে ভুয়া আইডি খুলে রাজধানীর মিরপুরের স্কুলপড়ুয়া একছাত্রীকে ব্ল্যাকমেইল করার অভিযোগ উঠেছে।অভিযোগ পাওয়ার পর থেকে অনুসন্ধানে নামে ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিট। তারা খুঁজে পায় অভিযুক্ত ওমান প্রবাসী এক ব্যক্তিকে।এরইমধ্যে ওই ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে শুরু করেছে এবং তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াও চলছে বলে জানায় পুলিশ।অভিযোগে জানা যায়, ওমান প্রবাসী এক ব্যক্তি সম্প্রতি ফেক আইডি ব্যবহার করে ঢাকার মিরপুরে স্কুলপড়ুয়া এক শিক্ষার্থীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলে।এরই একপর্যায়ে কিছু ব্যক্তিগত ছবি হাতিয়ে নেয় ওই ব্যক্তি। সুপার কম্পোজের মাধ্যমে ওই ছবি দিয়ে ব্ল্যাকমেইল করে কয়েক ধাপে ছাত্রীর কাছ থেকে টাকা হাতিয়ে নেয় ওমান প্রবাসী ওই ব্যক্তি। ভুক্তভোগী ওই স্কুলছাত্রী অভিযোগ করলে তদন্তে নামে ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিট।সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিটের সহকারী কমিশনার ধ্রুব জ্যোতির্ময় গোপ জানান, অভিযোগ পাওয়ার পর কুমিল্লা জেলা পুলিশের সহায়তায় তদন্ত করে ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়।ওমান প্রবাসী বাংলাদেশিদের সহায়তায় এরই মধ্যে অভিযুক্ত ব্যক্তির পাসপোর্ট কপি এবং তার ভুয়া ফেসবুক আইডি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।ওই আইডি থেকে তার আরও নানা অপকর্মের প্রমাণ পাওয়া গেছে বলে জানান সাইবার ক্রাইম ইউনিটের এই কর্মকর্তা।