
নিউজ ডেস্কঃ আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নির্বাচনী এলাকার পাঁচ হাজার মানুষকে ‘ঈদ উপহার’ পাঠানো শুরু করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গত বুধবার রাত থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে সপ্তাহব্যাপী। উপহার প্যাকেটে রয়েছে চাল, ডাল, তেল, চিনি, সেমাইসহ বিভিন্ন খাদ্যসামগ্রী। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল, শেরেবাংলা নগর ও রমনার একাংশ নিয়ে গঠিত ঢাকা-১২ সংসদীয় আসন। স্বরাষ্ট্রমন্ত্রী এই আসন থেকে তিনবার জয়লাভ করেছেন।
করোনা ভাইরাস ঠেকাতে সরকার ঘোষিত ছুটির মধ্যে কর্মহীন হয়ে বেকায়দায় পড়েছে নিম্ন আয়ের মানুষ। রাজধানীতে ‘দিন এনে দিন খাওয়া’ এসব মানুষের খাবার জুটছে নানাজনের দেয়া ত্রাণে। গত মাসের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার নির্বাচনী এলাকার নিম্ন আয়ের মানুষকে ত্রাণ সহায়তা দিচ্ছেন। এর মধ্যে কয়েক হাজার মানুষের ঘরে পৌঁছে দেয়া হয়েছে বিভিন্ন ত্রাণ সামগ্রী। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ এলাকায় বিতরণের জন্য বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী দেয়া হয়েছে। যেগুলো প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে নেতাকর্মীদের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়েছে। ঈদকে সামনে রেখে স্বরাষ্ট্রমন্ত্রী ৫ হাজার পরিবারকে ঈদ উপহার পাঠানো শুরু করেছেন।