
নিউজ ডেস্কঃ মার্কেট খোলার সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয়, তবে রাজধানীর নিউ মার্কেটের ভেতরে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম। নিউমার্কেট দোকান মালিক সমিতি বলছে, আগামীকাল সমিতির সদস্যদের বৈঠকে নেয়া হবে মার্কেট খোলার চূড়ান্ত সিদ্ধান্ত।চলছে পরিচ্ছন্নতা কার্যক্রম। শুক্রবার সকাল থেকেই রাজধানীর নিউমার্কেটের ভেতরের রাস্তা ও আশপাশে পরিষ্কার করছেন কর্মীরা। সঙ্গে ছিটানো হচ্ছে জীবাণুনাশক। মার্কেট খোলার অংশ হিসেবে এমন কার্যক্রম কি না-এমন প্রশ্নের উত্তরে জানালেন, এসবই নিয়মিত কার্যক্রমের অংশ।সরকারি ঘোষণা অনুযায়ী, ১০ মে মার্কেট খোলা হবে কি না, তা নিয়ে সিদ্ধান্ত হবে শনিবার। নিউমার্কেট দোকান মালিক সমিতির বৈঠকে নেয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত, জানান ঢাকা নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম।গেল সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদ উপলক্ষে শর্ত সাপেক্ষে ১০ মে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিপণিবিতান ও শপিং মল খোলা রাখা যাবে।