
নিউজ ডেস্কঃ কোভিড-১৯ আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসা হবে বেসরকারি হাসপাতালেও। এরইমধ্যে রাজধানীর একটি হাসপাতালের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। জানা গেছে, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের ওপর চাপ কমাতে এ উদ্যোগ নেয়া হয়েছে।দেশের প্রতি একশো জন করোনা রোগীর মধ্যে দশ জনের বেশি পুলিশ সদস্য। কেবল রাজধানীতেই আক্রান্ত প্রায় সাতশ’ জন। রাজারবাগের ২৫০ শয্যার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে জায়গা না হওয়ায় অনেককে কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে হোটেলসহ বিভিন্ন জায়গায়। এ সংকট কাটাতে বেসরকারি ইমপালস হাসপাতালের সাথে দুই মাসের চুক্তি করেছে পুলিশ।জানা গেছে, এ সময় নিয়মিত রোগীদের অন্যত্র চিকিৎসা দেবে হাসপাতালটি। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে নানা পদক্ষেপ বাস্তবায়নে মাঠে নিয়োজিত পুলিশ সদস্যরা সরকারের এ উদ্যোগের জন্য স্বস্তি প্রকাশ করেছেন। সবশেষ পরিসংখ্যান অনুযায়ী, পুলিশের ১৩০০ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ছয় জন।