News71.com
 Bangladesh
 08 May 20, 12:15 PM
 285           
 0
 08 May 20, 12:15 PM

বাংলাদেশ-ভারত সীমান্তে অপেক্ষায় আছে পন্য বোঝাই ২৪০০ ট্রাক॥

বাংলাদেশ-ভারত সীমান্তে অপেক্ষায় আছে পন্য বোঝাই ২৪০০ ট্রাক॥

নিউজ ডেস্কঃ ভারত থেকে বাংলাদেশে ঢোকার জন্য পণ্যবাহী ২ হাজার ২০০ ট্রাক অপেক্ষায় আছে। আর বাংলাদেশ থেকে ভারতে ঢোকার জন্য আটকে আছে ২০০ ট্রাক। বাণিজ্যমন্ত্রী বলেন, এসব পণ্য রেলপথে চারটি জায়গা দিয়ে আনা-নেওয়ার ব্যাপারে কাজ চলছে। আগামী রবিবার এ নিয়ে আন্ত মন্ত্রণালয়ের বৈঠক হবে। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে ব্যবসা-বাণিজ্যের চলমান পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ কথা জানান। বাণিজ্যসচিব মো. জাফরউদ্দীন, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. হাসান জাহাঙ্গীর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

স্থানীয় রাজনীতির কারণে বেনাপোল স্থলবন্দর বন্ধ রয়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি অব্যাহত রাখতে রেলপথ ব্যবহারের চেষ্টা চলছে। এতে কনটেইনারে করে রেলপথে পণ্য আমদানি–রপ্তানি করা যাবে। তিনি বলেন, দেশের অর্থনীতি সচল রাখতে আমদানি-রপ্তানির সব ধরনের প্রচেষ্টাই অব্যাহত রেখেছে সরকার। সমুদ্র, স্থল ও বিমানবন্দরগুলোকে চালু রাখা হয়েছে। বিশেষ ব্যবস্থায় দ্রুত মালামাল খালাসও করা হচ্ছে। বাণিজ্যমন্ত্রী বলেন, সামনের মৌসুমে পাট চাষের জন্য ভারত থেকে ৩০০ টন পাটবীজ আমদানি করা হয়েছে। এরপর থেকে বন্ধ। আর চাহিদা মোতাবেক রপ্তানি অব্যাহত রাখতে তৈরি পোশাক কারখানাগুলো সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে করোনার কারণে কাউকে যেন ছাঁটাই করা না হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন