
নিউজ ডেস্কঃ নড়াইলে দুর্বৃত্তদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার (০৬ মে) দিনগত রাত ১১টার দিকে নড়াইল সদর উপজেলার কামালপ্রতাপ গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহত দুই পুলিশ সদস্যকে নড়াইল সদর হাসপাতলে চিকিৎসা চলছে।এ ঘটনায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৬০/৭০ জনের নামে মামলা দায়ের হয়েছে। নড়াইল পুলিশ সুপার মোহম্মদ জসিম উদ্দিন জানান, কামালপ্রতাপ গ্রামে টহলরত অবস্থায় পুলিশ একটি বাড়িতে ভাঙচুর লুটপাট চালানোর খবর পায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুর্বৃত্তদের ধাওয়া করে একজনকে আটক করতে সক্ষম হয়। এ সময় আটক আসামিকে ছাড়িয়ে নিতে তাদের সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ওপর চড়াও হয়।এ সময় দুই পুলিশ কনস্টেবলকে গুরুতর আহত করে দুর্বৃত্তরা সহকর্মীকে ছিনিয়ে নিয়ে যায়। আত্মক্ষার্থে পুলিশ কয়েক রাউন্ড শটগানের গুলি করলেও এতে কেউ হতাহত হয়নি। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে আক্রান্ত পুলিশ সদস্যদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় বৃহস্পতিবার (০৭ মে) বিকেলে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৬০/৭০জনের নামে মামলা দয়ের হয়েছে। পুলিশ একজনকে গ্রেফতার করছে। জড়িত অন্যদের ধরতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।