
নিউজ ডেস্কঃ লোক ভাড়া করে টিসিবির ন্যায্য মুল্যের পণ্য কিনে নিচ্ছেন উচ্চবিত্তরা। সাধারণত স্বল্প আয়ের মানুষের জন্য বরাদ্দ পণ্য বিক্রি করে থাকে টিসিবি। রাজধানীসহ দেশের নির্ধারিত স্থানে ট্রাকে করে এসব পণ্য বিক্রি হয়। সব সময় লাইনে দাঁড়িয়ে এসব পণ্য কেনেন স্বল্প আয়ের মানুষেরা। তবে এই স্বল্প আয়ের মানুষের বরাদ্দকৃত পণ্যে এখন ভাগ বসাচ্ছেন উচ্চবিত্তরা। রাজধানীতে বাসা বাড়ির কর্মচারীদের দিয়ে স্বল্প আয়ের মানুষের জন্য বরাদ্দকৃত এসব টিসিবির পণ্য কেনাচ্ছেন উচ্চবিত্তরা। অনেক স্থানে মুদি দোকানিরাও ভাড়া করা লোক দিয়ে পণ্য কেনাচ্ছেন। কোথাও কোথাও প্যাকেজের মাধ্যমে ক্রেতাদের ছোলা ও মিশরীয় পেঁয়াজ কিনতে ডিলাররা বাধ্য করছেন বলেও অভিযোগ উঠেছে।
কম দামে পাওয়া যায় বলে স্বল্প আয়ের মানুষের কেনাকাটার অন্যতম উৎস টিসিবির ট্রাক। তবে সরকারের জনবান্ধব এমন কর্মসূচির সুযোগ নিয়ে লোক ভাড়া করে পণ্য কেনার অভিযোগ উঠেছে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেক। এনিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশের একটি বেসরকারি টেলিভীষন । সময় টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে রাজধানীর মিরপুর এলাকায় কেয়ারটেকারদের দিয়ে দফায় দফায় পণ্য কেনাচ্ছেন ভবন মালিকরা। নিয়ম ভাঙার বিষয়ে কোনো কোনো ক্রেতা দিচ্ছেন অদ্ভুত যুক্তি। সকলের চোখের সামনে এসব অনিয়ম হলেও নির্বিকার ডিলাররা। অনেকের অভিমত ডিলারদের সাথে যোগসাজশেই এমন কাজ করছেন সংশ্লিষ্টরা।