
নিউজ ডেস্কঃ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএস) চেয়ারম্যান হিসাবে পুনঃনিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বিজেএস চেয়ারম্যান হিসেবে বিচারপতি সিদ্দিকীর পুনঃনিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ১৯৫৬ সালে কুষ্টিয়ার খোকসা উপজেলার রমানাথপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। নয় ভাই-বোনের মধ্যে তিনি চতুর্থ। ১৯৭২ সালে খোকসা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে তিনি ম্যাট্রিক পাস করেন। এরপর সাতক্ষীরার আচার্য্য প্রফুল্ল কলেজে ভর্তি হন। ১৯৭৪ সালে তিনি এই কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন এবং ১৯৭৬ সালে স্নাতক পাস করেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন। সেখান থেকে ১৯৭৮ সালে এমএ করেন। এরপর ধানমন্ডি ল’ কলেজে এলএলবিতে ভর্তি হন এবং ১৯৭৯ সালে আইন বিষয়ে ডিগ্রি গ্রহণ করেন। পরে তিনি পেশাদার আইনজীবী হিসাবে প্রাকটিস শুরু করেন।