
নিউজ ডেস্কঃ করোনাকালে গণমাধ্যমকর্মীদের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। সোমবার (৪ মে) দুপুরে এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।কাদের বলেন, গণমাধ্যমের অনেকের বেতন দেয়া হচ্ছে না, ছাঁটাইয়ের কথা শোনা যাচ্ছে। এমন বাস্তবতায় গণমাধ্যমকর্মীদের জন্য সরকারের বিশেষভাবে দৃষ্টি দেয়া জরুরি।বেসরকারি খাতের গণমাধ্যমকর্মীরা যেন চাকরিচ্যুত না হয়, সময় মতো যেন বেতন পান এবং সুরক্ষিতভাবে কাজ করতে পারেন, সে বিষয়টি খেয়াল রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন জাপা চেয়ারম্যান।গণমাধ্যমকর্মীদের বিষয়ে জিএম কাদের আরও বলেন, করোনা যুদ্ধে আমাদের গণমাধ্যমকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে মাঠে কাজ করছেন। তাদের অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন এবং একজন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।তিনি অভিযোগ করেন, করোনা যুদ্ধে যারা মাঠে আছেন, তাদের মতো সাংবাদিকরাও সুরক্ষা পাচ্ছেন না। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন সাংবাদিকরা, কিন্তু তাদের ক্ষতিপূরণের নিশ্চয়তা নেই।