
নিউজ ডেস্কঃ ঢাকার আশুলিয়ায় দুইটি পোশাক কারখানার শ্রমিকেরা বকেয়া বেতন ও ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করেছেন। দুই থেকে চার মাস ধরে বেতন না পাওয়া এই শ্রমিকেরা আজ সোমবার সকালে পৃথক পৃথকভাবে বিক্ষোভ ও মানববন্ধন করেন। শিল্প পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, জামগড়া এলাকার পোশাক নিটওয়্যার লিমিটেডের তিন শতাধিক শ্রমিক গত মার্চ মাস থেকে বেতন পাচ্ছেন না। তাঁরা একাধিকবার মালিক পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু কারখানা বন্ধ থাকায় তা সম্ভব হয়নি। এ অবস্থায় বেশ কয়েকজন শ্রমিককে ছাঁটাই করা হয়। ছাঁটাইয়ের খবর পেয়ে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাঁরা আজ সোমবার সকালে কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। এরপর তাঁরা ফ্যান্টাসি কিংডমের সামনে গিয়ে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ও মানববন্ধন করেন। এ সময় তাঁরা বকেয়া বেতন ও ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বহালের দাবি জানান। পরে পুলিশের অনুরোধে তাঁরা অবরোধ তুলে নেন।
এদিকে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) এ ওয়ান নামের একটি পোশাক কারখানার সাত শতাধিক শ্রমিক বকেয়া বেতনের দাবিতে দশমবারের মতো আজ সোমবার ডিইপিজেডের মহাব্যবস্থাপকের কার্যালয়ের সামনে অবস্থান নেন। গত জানুয়ারি মাস থেকে তাঁরা বেতন পাচ্ছেন না। শ্রমিকেরা বলেন, তাঁরা কোনো ত্রাণ বা ভিক্ষা চান না, তাঁদের কাজের মজুরি ও চাকরির নিশ্চয়তা চান। বেতন না পেয়ে তাঁরা মানবেতর জীবনযাপন করছেন। এরপরেও সরকার বা মালিক পক্ষ থেকে তাঁদের বকেয়া বেতন পরিশোধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।