
নিউজ ডেস্কঃ জামায়াতে ইসলামী ছেড়ে আসা ও দলটি থেকে বহিষ্কৃত নেতারা ‘আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)’ নামে রাজনৈতিক দল গঠন করেছেন। করোনা পরিস্থিতির মধ্যেই শনিবার দলটির আত্মপ্রকাশ হয়। কাকরাইলে দলীয় কার্যালয়ে ঘোষণা হয় ২০৭ সদস্যের আহ্বায়ক কমিটি। এবি পার্টির আহ্বায়ক হয়েছেন গত ডিসেম্বরে জামায়াতের মজলিশে শূরা থেকে পদত্যাগ করা এ এফ এম সোলায়মান চৌধুরী। সাবেক এই আমলা সেনা সমর্থিত তত্বাবধায়ক সরকারের সময়ে জনপ্রশাসন সচিব ছিলেন। ছিলেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। একাদশ সংসদ নির্বানে কুমিল্লা-১০ থেকে বিএনপি নেতৃত্বাধীন ঐক্যজোটের প্রার্থী হতে চেয়েছিলেন। এবি পার্টির সদস্য সচিব হয়েছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি মজিবুর রহমান মনজু।
একাত্তরে ভূমিকার জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে সাড়া না পেয়ে গত বছরের ফেব্রুয়ারিতে জামায়াত ছাড়েন ব্যারিস্টার আবদুর রাজ্জাক। পরদিন বহিষ্কার হন সংস্কারের দাবিতে সরব হওয়া ছাত্রশিবিরের সাবেক সভাপতি মজিবুর রহমান মনজু। একই দাবি জানিয়ে দল ছাড়েন জামায়াতের মজলিশে শূরা সদস্য এবং রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান এ এফ এম সোলায়মান চৌধুরীসহ আরো কয়েক নেতা। জামায়াত থেকে বহিষ্কার ও দলত্যাগী নেতারা নতুন দল গঠন করতে মজিবুর রহমান মনজুর নেতৃত্বে গত বছরের ২৭ এপ্রিল ‘জন আকাঙ্ক্ষার বাংলাদেশ’ প্ল্যাটফর্ম গঠন করেন। এ ব্যানারে বছর ধরে দেশের সব জেলায় মতবিনিময় সভা করা হয়েছে। এরপর আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দল গঠন করলেন তারা।
করোনা সঙ্কটের মধ্যে দল গঠনের কারণ সম্পর্কে মজিবুর রহমান বলেন, ভবিষ্যতে পরিস্থিতির আরো অবনতি হতে পারে। আর রাজনৈতিক দল হিসেবে এই দুঃসময়ে মানুষের পাশে থাকতেই দল গঠন করা হয়েছে। এবি পার্টি ২০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেবে। দলের আত্মপ্রকাশের সংবাদ সম্মেলনে সোলায়মান চৌধুরী বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা ও সুবিচার এই মূলনীতির ভিত্তিতে এবি পার্টির গঠনতন্ত্র প্রণীত হয়েছে। বাংলাদেশের যে কোনো নাগরিক এই দলের সঙ্গে যুক্ত হয়ে দেশ গড়ায় অবদান রাখতে পারবেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক ডা. মেজর (অব.) আ. ওহাব মিনার ও এ্যাডভোকেট তাজুল ইসলাম।