News71.com
 Bangladesh
 03 May 20, 07:15 PM
 238           
 0
 03 May 20, 07:15 PM

মাঠপর্যায়ে টেলিমেডিসিন পরিসেবা দিচ্ছে টাঙ্গাইলের কুমুদিনী হাসপাতাল॥

মাঠপর্যায়ে টেলিমেডিসিন পরিসেবা দিচ্ছে টাঙ্গাইলের কুমুদিনী হাসপাতাল॥

নিউজ ডেস্কঃ দুই দিন ধরে ঠাণ্ডা–জ্বরে ভুগছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জোগীরকোফা গ্রামের জাবের উদ্দিনের মেয়ে নিপা (১২) ও সামিয়া (৯)। করোনাভাইরাস সংক্রমণের ভয়ে তাদের হাসপাতালে নিয়ে যাচ্ছে না পরিবারের সদস্যরা। কুমুদিনী হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা লতিফপুর ইউনিয়ন পরিষদে এসেছেন সেবা দিতে, এমন খবরে দুই বোনকে সেখানে নিয়ে যাওয়া হয়। দুই বোন স্বাস্থ্যকর্মীদের সহায়তায় অনলাইনে ভিডিও কলের মাধ্যমে কুমুদিনী হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলে। চিকিৎসক তাদের ব্যবস্থাপত্র দেন। দানবীর রণদা প্রসাদ সাহার প্রতিষ্ঠিত কুমুদিনী হাসপাতালের মাধ্যমে কুমুদিনী কল্যাণ সংস্থা মির্জাপুরে শুরু করেছে কমিউনিটি পর্যায়ে বিনামূল্যে স্বাস্থ্যসেবা। টেলিমেডিসিন কার্যক্রমের মাধ্যমে গতকাল শনিবার থেকে শুরু হয়েছে এই সেবা। এতে কুমুদিনী হাসপাতালের কর্মকর্তা ও স্বাস্থ্য সহকারীদের ছয় সদস্যের একটি দল মাঠপর্যায়ে থাকছেন। তাঁদের সঙ্গে হাসপাতাল থেকে অনলাইনে যুক্ত হচ্ছেন ছয়জনের একটি চিকিৎসক দল।

গত শুক্রবার বিকেলে কুমুদিনী হাসপাতালের পক্ষে সংবাদ সম্মেলনে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. আবদুল হালিম বলেন, হাসপাতালটিতে আগে ৭৫০ শয্যা থাকলেও বর্তমানে ১ হাজার ৫০ শয্যা আছে। করোনা পরিস্থিতির আগে এখানে গড়ে প্রতিদিন প্রায় ২ হাজার রোগী বহির্বিভাগে আর অন্তর্বিভাগে প্রায় ৮০০ রোগী চিকিৎসা নিতেন। তাঁরা নামমাত্র মূল্যে চিকিৎসাসেবা পেতেন। হাসপাতালে ভর্তিকৃত রোগীরা বিনা মূল্যে থাকা ও খাওয়ার সুযোগ পান। রোগীদের অধিকাংশই দরিদ্র ও সুবিধাবঞ্চিত। কিন্তু করোনা প্রাদুর্ভাবের ফলে সাধারণ রোগীরা সংক্রমণের ভয়ে হাসপাতালে আসতে ভয় পাচ্ছেন। গণপরিবহন বন্ধ থাকার কারণে অনেক রোগী হাসপাতালে আসতে পারছেন না। পরিস্থিতি বিবেচনা করে উপজেলার ১৪টি ইউনিয়নে কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্যসেবা দেবে কুমুদিনী হাসপাতাল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন