
নিউজ ডেস্কঃ করোনা সংকটে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে স্থাপিত ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রের মাধ্যমে দুধ, ডিম ও পোল্ট্রি পণ্য বিক্রির পাশাপাশি মাছ বিক্রিও ভালো হচ্ছে। দেশের ৬৪ জেলায় আজ শনিবার এক দিনে এসব কেন্দ্রের মাধ্যমে খামারিরা ৪ লাখ ২১ হাজার ২৫৮ কেজি মাছ বিক্রি করেছেন, যার দাম ৭ কোটি ৭৩ লাখ ৭০ হাজার ৭৩১ টাকা। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একই দিনেই সারা দেশে ৪১ কোটি ২১ লাখ ২১ হাজার ২৭২ টাকার দুধ, ডিম, পোল্ট্রি ও অন্যান্য প্রাণিজ পণ্য বিক্রি করেছেন প্রান্তিক পর্যায়ের খামারিরা। এ সংক্রান্ত একটি প্রতিবেদন আজ প্রাণিসম্পদ অধিদপ্তরে স্থাপিত নিয়ন্ত্রণকক্ষ থেকে মন্ত্রণালয়ে পাঠানো হয়।গত ২২ এপ্রিল দেশের প্রান্তিক পর্যায়ের চাষি, খামারি এবং উদ্যোক্তাদের উৎপাদিত মাছ, দুধ, ডিম ও পোল্ট্রি পণ্য সুষম সরবরাহ ও বাজারজাত করতে জেলা ও উপজেলা মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছিল মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।