
নিউজ ডেস্কঃ চালু হওয়ার প্রথম দিনই মুখ থুবড়ে পড়েছে পার্সেল এক্সপ্রেস সার্ভিস। খুলনা থেকে প্রথম একটি ট্রেন ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও মালামালের অভাবে তা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে খুলনা স্টেশন কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, প্রান্তিক চাষিদের উৎপাদিত শাকসবজি তো দূরের কথা ব্যবসায়িক মালামালা নিয়েও কেউ স্টেশনে আসেনি। ফলে ট্রিপটি বাতিল করতে বাধ্য হয়েছে রেলওয়ে। আগামী রোববার থেকে হয়তো পরিচালিত হতে পারে এই ট্রেন। করোনার এই সময় খাদ্য সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার (০১ মে) থেকে চালু হয়েছে রেলওয়ের বিশেষ সার্ভিস ‘পার্সেল এক্সপ্রেস’ ট্রেন। এই ট্রেনের মাধ্যমে প্রান্তিক চাষিরা তাদের উৎপাদিত পণ্য মধ্যসত্ত্বভোগী ছাড়াই সরাসরি ঢাকায় বিক্রি করতে পারবেন। এতে একদিকে যেমন কৃষকরা ন্যায্য দাম পাবেন অন্যদিকে খাদ্য সংকটও কাটবে এমন উদ্দেশ্য থেকে বিশেষ এই লাগেজ ভ্যান চালুর সিদ্ধান্ত নেয়া হয়। কৃষকদের উৎপাদিত শাক সবজি, ধান চালসহ বিভিন্ন ফলমূল পরিবহন করার লক্ষে এই সার্ভিস চালু হলেও, চট্টগ্রাম থেকে প্রথম যে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়, তাতে কোনো কৃষি পণ্যই ছিল না বলে জানান চট্টগ্রাম স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী।তিনি বলেন, নতুন করে কোনো পণ্যই আসেনি স্টেশনে। যা পাঠানো হয়েছে তার সবই লকডাউনের আগে আটকে পড়া মালামাল। মাত্র ৩৮ প্যাকেট মালামাল নিয়েই ট্রেনটি ঢাকায় গেছে। সেখানে বেশ কিছু রাবারের স্যান্ডেল, কিছু ফার্নিচার ছাড়া কিছুই ছিল না।