
নিউজ ডেস্কঃ মোংলায় করোনা ভাইরাস সংক্রমণ ও গৃহীত সরকারি পদক্ষেপ নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে এক যুবককে আটক করছে র্যাব-৬। শুক্রবার (০১ মে) সকালে উপজেলা চিলা ইউনিয়নের জয়মনি থেকে তাকে আটক করা হয়।আটকের পর দুপুরে মংলা থানায় হস্তান্তর করেছে র্যাব-৬ এর সদস্যরা। এ ব্যাপারে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।র্যাব ৬ এর বরাত দিয়ে মোংলা থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী জানান, মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি গ্রামের এক যুবক তার সোস্যাল মিডিয়ায় করোনা ভাইরাস সংক্রান্ত ও সরকারের বিভিন্ন কাজের পদক্ষেপ নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ আসে র্যাবের কাছে।এমন অভিযোগের সূত্র ধরে জয়মনি এলাকায় অভিযান চালায় র্যাব-৬ এর সদস্যরা। এ সময় ওই এলাকার মজিবুর রহমান মোল্লার ছেলে তাঞ্জিরুল ইসলাম নয়ন (২২) পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। দুপুরে নয়নকে মোংলা থানায় হস্তান্তর করে এবং র্যাব-৬ এর পুলিশ পরিদর্শক রমজান আলী বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে।র্যাবের জিজ্ঞাসাবাদে এসব গুজবের কাজে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে যুবক নয়ন। শনিবার (০২ মে) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।