
নিউজ ডেস্কঃ ৩০ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বারণ থাকার পর শেষ হতে চলেছে মার্চ-এপ্রিল দুইমাস ইলিশ শিকারের নিষেধাজ্ঞা। শুক্রবার (১ মে) মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় মাছ ধরতে শুরু করবে মতলবের জেলেরা। ইলিশ শিকারে উন্মুখ মতলব উত্তরের প্রায় আট সহস্রাধিক জেলে পরিবারে স্বস্তির বাতাস বইছে। ইলিশ গবেষক ড. আনিচুর রহমান এক সাক্ষাতকারে জানান, জাটকা রক্ষার কর্মসূচি সফল হওয়ায় এ বছর ইলিশের উৎপাদন বাড়বে। বর্তমানে ইলিশের অভয়াশ্রমের পরিধিও বেড়েছে। তিনি বলেন, জাটকা সংরক্ষণের জন্যে সরকার দু’মাস চাঁদপুরসহ দেশের আরও কয়েক স্থান অভয়াশ্রম ঘোষণা করে। এ সময় নদীতে যে কোনো ধরনের মাছ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করা হয়ে ছিলো। এখন ইলিশসহ অন্য মাছ ধরতে জেলেরা প্রস্তুত।
এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এবার পানির গুণাগুণ ও খাদ্যের উপাদান অনেকটাই ভালো রয়েছে। করোনার কারণে জাটকা রক্ষা কর্মসূচি কিছুটা সীমাবদ্ধতায় রয়েছিল। তবুও উৎপাদন ব্যাহত হবে না । দেশে গেলো অর্থবছরে ইলিশ উৎপাদন ছিল ৫ লাখ ৩৩ হাজার মেট্রিক টন। যেখানে ২০০২-২০০৩ অর্থবছরে যেখানে ইলিশের উৎপাদন ছিল ১ লাখ ৯৯ হাজার মেট্রিক টন। চলতি ২০১৯-২০২০ অর্থবছরে তা বেড়ে ৫ লাখ ৫০ হাজার মেট্রিক টন হওয়ার কথা। আগামী ৫ বছরে ইলিশের উৎপাদন বাড়বেই।