
নিউজ ডেস্কঃ বরিশালে মেয়াদোত্তীর্ণ পণ্যবিক্রি, মূল্য তালিকা না থাকা এবং অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করায় ১২ ব্যবসা প্রতিষ্ঠানকে ৫৮ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তিন জনকে নিয়ে মোটরসাইকেলে ঘোরার কারণে মোটরসাইকেল আরোহীকেও অর্থদণ্ড দেয়া হয়।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান ও মো. নাজমূল হুদার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এতে অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী সহায়তা করেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান জানান, নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং মূল্য তালিকা না থাকায় নগরীর বাংলাবাজার, বটতলা ও চৌমাথা বাজারের সাতটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অপরদিকে মো. নাজমুল হুদার ভ্রাম্যমাণ আদালত ২০০ টাকা কেজি ধরের আদা সাড়ে ৩০০ টাকায় বিক্রির দায়ে নতুন বাজারের দুই ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৪ হাজার ও ২ হাজার, নথুল্লাবাদে অতিরিক্ত মূল্যে পেয়াজ বিক্রির দায়ে ২ দোকান থেকে ৫ হাজার করে ১০ হাজার এবং বাংলাবাজারে নির্ধারিত মূল্যের অধিক ৬০০ টাকা কেজি ধরে গরুর মাংস বিক্রির দায়ে এক দোকানিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়া স্বাস্থ্যবিধি উপেক্ষা করে তিনজনকে নিয়ে মোটরসাইকেলে ঘোরাফেরা করায় নগরীর জিলা স্কুল মোড়ে এক মোটরসাইকেল আরোহীকে ১০০ টাকা জরিমানা করা হয়।