
নিউজ ডেস্কঃ বাংলাদেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক চলমান করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদেরকে বিনামূল্যে শিক্ষামূলক ডিজিটাল কনটেন্ট ব্যবহারের সুযোগ প্রদানের লক্ষ্যে শিক্ষাবিষয়ক অনলাইন প্ল্যাটফর্ম টিউটরসিঙ্ক’র সাথে যৌথ উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগের আওতায় বাংলালিংক গ্রাহকরা টিউটরসিঙ্ক’র অনলাইন কোর্স, ওয়ান-টু-ওয়ান সেশন ভিডিও, নোট, বর্ষ ও অধ্যায় অনুযায়ী প্রশ্নপত্র, প্রশ্নপত্রের সমাধান ও লাইভ ক্লাস বিনামূল্যে ব্যবহারের সুযোগ পাবেন। সব শ্রেণির শিক্ষার্থীদের জন্য জাতীয় ও আন্তর্জাতিক উভয় পাঠক্রমের ওপর প্রস্তুতকৃত কনটেন্টের সংগ্রহ রয়েছে এই প্ল্যাটফর্মে।
শিক্ষার্থীরা https://www.mytutorsinc.com/ ভিজিট করে ই-মেইল ব্যবহার ও পাসওয়ার্ড তৈরি করে টিউটরসিঙ্ক’এ সাইন আপ করতে পারবেন। এছাড়া গুগল অথবা ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহারে করেও এই ওয়েবসাইটে সাইন আপ করা যাবে। সব ব্যবহারকারী সম্পূর্ণ বিনামূল্যে এই সাইন আপ করতে পারবেন। এ বিষয়ে বাংলালিংক’র ডিজিটাল সার্ভিসেস ডিরেক্টর আব্দুল মুকিত আহমেদ বলেন, ‘যেহেতু করোনাভাইরাস মহামারীর কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে, সেহেতু এই মুহূর্তে শিক্ষাবিষয়ক ডিজিটাল কনটেন্ট শিক্ষার্থীদের জন্য অত্যন্ত উপকারী হতে পারে। তাদেরকে বিনামূল্যে মানসম্মত এই কনটেন্ট ব্যবহারের সুযোগ দিতে আমরা টিউটরসিঙ্ক’র সাথে এই উদ্যোগ গ্রহণ করেছি। আমরা আশা করছি, আমাদের এই উদ্যোগ শিক্ষার্থীদেরকে ঘরে বসেই তাদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে সাহায্য করবে।’