News71.com
 Bangladesh
 29 Apr 20, 07:18 PM
 345           
 0
 29 Apr 20, 07:18 PM

করোনায় প্রার্দুভাবেও বিশ্বে তৈরি পোশাকের চাহিদা পূরণে সক্ষম বাংলাদেশ॥ প্রধানমন্ত্রী

করোনায় প্রার্দুভাবেও বিশ্বে তৈরি পোশাকের চাহিদা পূরণে সক্ষম বাংলাদেশ॥ প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবেও বিদেশি ক্রেতাদের দেওয়া তৈরি পোশাকের (আরএমজি) অর্ডার ও চাহিদা পূরণের সক্ষমতা বাংলাদেশের রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকেলে সুইডিশ প্রধানমন্ত্রী স্টিফান লোফভেন টেলিফোন করলে এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে জানান, সুইডিশ প্রধানমন্ত্রী আনুমানিক দুপুর ২ টার দিকে ফোন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় প্রায় ১৫ মিনিটের আলোচনায় ব্যবসা বাণিজ্যসহ দেশের তৈরি পোশাক শিল্প নিয়ে আলোচনা হয় দুই নেতার।

সুইডিশ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনা বলেন, ‘আমরা আশাবাদী যে, করোনা ভাইরাসের মহামারীতেও সুইডেনসহ বিশ্বের বিভিন্ন দেশের ক্রেতাদের দেওয়া তৈরি পোশাকের (আরএমজি) অর্ডার ও চাহিদা পূরণ করতে পারবে বাংলাদেশ। অপরদিকে সুইডিশ প্রধানমন্ত্রী নিশ্চিত করে জানান, বাংলাদেশকে দেওয়া তৈরি পোশাকের কোন অর্ডার বাতিল করবে না তার দেশ। স্টিফান লোফভেন বলেন, ‘আমার দেশ বাংলাদেশে থেকে তৈরি পোশাক আমদানি চালিয়ে যাবে।’ এর জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘সবধরনের স্বাস্থ্যবিধি মেনে কারখানা চালু করেছেন বাংলাদেশের পোশাক শিল্পের মালিকরা।’ প্রেস সচিব আরো বলেন, উভয় দেশের করোনা ভাইরাস পরিস্থিতি তুলে ধরে কোভিড-১৯ সংক্রমণ ঠেকাতে পরস্পরের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন দুই প্রধানমন্ত্রী। এ সময় কোভিড-১৯ মহামারী মোকাবিলার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়গুলোকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান পুনরায় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন