News71.com
 Bangladesh
 28 Apr 20, 12:19 PM
 298           
 0
 28 Apr 20, 12:19 PM

দেশের অর্ধেক অঞ্চল জুড়ে অস্থায়ী ঝড়ের পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের॥

দেশের অর্ধেক অঞ্চল জুড়ে অস্থায়ী ঝড়ের পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের॥

নিউজ ডেস্কঃ দেশের প্রায় অর্ধেক অঞ্চলে অস্থায়ী ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলেও অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বার সতর্ক সংকেতও দেখাতে বলা হয়েছে। আজ ২৮ এপ্রিল, মঙ্গলবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া রাজধানীতে বৃষ্টিপাত বাড়তে পারে বলেও জানিয়েছে অধিদপ্তর সূত্র। তবে দেশের উপকূলসহ বিভিন্ন স্থানে আজ বৃষ্টিপাত কমতে পারে। তবে বুধবার থেকে ফের বাড়তে পারে বৃষ্টি।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পাঁচ দিন ধরে দেশের বিভিন্ন স্থানে যে বৃষ্টি হচ্ছে, তা মূলত পশ্চিমা লঘুচাপের কারণে সৃষ্টি হওয়া মেঘমালার কারণে। আগামী দু–এক দিনের মধ্যে ওই মেঘের সঙ্গে বঙ্গোপসাগর থেকে আসা মেঘমালা যোগ দিতে পারে। এতে করে মে মাসের শুরু থেকে বৃষ্টিপাত আরো বাড়তে পারে। কারণ, বঙ্গোপসাগরের অদূরে আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টির মতো আবহাওয়া তৈরি হয়েছে। লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কাও দেখছেন আবহাওয়াবিদরা। এটি আরো শক্তি অর্জন করলে তা একটি ঘূর্ণিঝড়েও পরিণত হতে পারে বলে মনে করছেন তারা। এতে মে মাসের প্রথম সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টি অব্যাহত থাকতে পারে। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, ‘পশ্চিমা লঘুচাপের কারণে আকাশে এখনো মেঘের পরিমাণ বেশি। আজ মঙ্গলবার সারা দেশে সামগ্রিকভাবে বৃষ্টিপাত কমে গিয়ে বুধবার থেকে তা আবারো বাড়তে পারে।’ এছাড়া আন্দামান সাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা বাড়ছে বলেও জানান তিনি। এদিকে আবহাওয়া অফিস সূত্র আরো জানায়, পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন