
নিউজ ডেস্কঃ বাংলাদেশের সবচেয়ে দীর্ঘকায় মানুষ জিন্নাত আলী মারা গেছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ ২৮ এপ্রিল, মঙ্গলবার ভোররাতে মৃত্যুবরণ করেন। এ বিষয়টি নিশ্চিত করেছেন জিন্নাতের বড় ভাই ইলিয়াছ আলী। শৈশব থেকে হরমোনের জটিলতায় ভুগছিলেন কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল গ্রামের আমির হামজার ছেলে জিন্নাত। তার উচ্চতা ছিল ৮ ফুট ৬ ইঞ্চি।
প্রসঙ্গত, এর আগে ২০১৮ সালের অক্টোবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছিলেন জিন্নাত আলী। সে সময় তার চিকিৎসায় সহায়তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এছাড়া প্রধানমন্ত্রীর তহবিল থেকে আর্থিক সহযোগিতায় জিন্নাতকে তার এলাকায় একটি দোকানও করে দেওয়া হয়। ১৯৯৬ সালে জন্মগ্রহণ করেন জিন্নাত আলী। পরিবারের দ্বিতীয় সন্তান জিন্নাতের বয়স যখন ১১ বছর তখন থেকেই অস্বাভাবিকভাবে বেড়ে উঠতে শুরু করেন তিনি। একসময় তা গিয়ে দাঁড়ায় ৮ ফুট ৬ ইঞ্চিতে।