
নিউজ ডেস্কঃ জাতীয় অধ্যাপক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা জামিলুর রেজা চৌধুরী আর নেই। আজ মঙ্গলবার ভোররাতে তিনি বার্ধক্য জনিত কারনে মৃত্যু বরন করেন। অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর আত্মীয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম সাংবাদিকদের কাছে এই তথ্য জানান। শিবলী রুবাইয়াত উল ইসলাম জানান , গত রাতে ধানমন্ডির বাসায় জামিলুর রেজা চৌধুরী রাতের খাবার খেয়ে স্বাভাবিকভাবেই ঘুমিয়ে ছিলেন। ভোরে সেহরির সময় তাঁর স্ত্রী তাঁকে ডাক দেন। এসময় কোনো সাড়া না পাওয়ায় তাঁকে দ্রুত স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। চিকিৎসকেরা জানান, হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। জামিলুর রেজা চৌধুরীর বয়স হয়েছিল ৭৭ বছর। আজ বাদ জোহর জানাজা শেষে তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হবে বলে জানান শিবলী রুবাইয়াত উল ইসলাম। উল্লেখ্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী সবশেষ ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) উপাচার্যের দায়িত্ব পালন করে আসছিলেন।