
নিউজ ডেস্কঃ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পুলিশের নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ। আজ সোমবার বিকাল পৌনে ৪টায় রাজধানীর কাকরাইলে অবস্থিত প্রধান বিচারপতির সরকারি বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পুলিশ সদর দপ্তরে কর্মরত পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন এ তথ্য জানিয়ে বলেন, প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আইজিপি। তাঁরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া কোভিড-১৯ প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা প্রহণের ওপর আলোকপাত করেন।
বিচার বিভাগ ও বাংলাদেশ পুলিশ পরস্পর অঙ্গাঙ্গীভাবে জড়িত উল্লেখ করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এই দুই প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান করেন। এ সময় নবনিযুক্ত আইজিপি ড. বেনজীর আহমেদ বিচার বিভাগের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেন। প্রসঙ্গত, সরকার গত ৮ এপ্রিল ড. বেনজীর আহমেদকে পুলিশের নবনিযুক্ত আইজিপি নিযুক্ত করে। তিনি সপ্তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৫ ফেরুয়ারি ১৯৮৮ সালে সরাসরি সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মজীবন শুরু করেন।