
নিউজ ডেস্কঃ করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনায় শিগগিরই ২ হাজার চিকিৎসক ও প্রায় ৫ হাজার নার্স নিয়োগ দিতে প্রক্রিয়া শুরু হয়েছে।সোমবার (২৭ এপ্রিল) রাজধানীতে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) ও মিডিয়া সেলের প্রধান হাবিবুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে সকালে করোনাভাইরাসের চিকিৎসার জন্য নতুন করে আরও দুই হাজার ডাক্তার ও নার্স নিয়োগ দেয়ার কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরইমধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এইসব চিকিৎসক ও নার্সদের করোনা চিকিৎসার জন্য তাদের বিশেষভাবে প্রশিক্ষণ দেয়া হবে। সকালে বগুড়া জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী রাজশাহী বিভাগের ৮টি জেলা প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়ের অংশ হিসেবে বগুড়ার সঙ্গে কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, আমরা স্বাস্থ্যসেবার দিকে বিশেষভাবে দৃষ্টি দিচ্ছি। আমরা প্রত্যেক জেলাতেই কিন্তু যেটা ভালো হাসপাতাল, সেখানে আইসিইউ’র ব্যবস্থা করবো। এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। পর্যায়ক্রমে সব জেলাতেই এটা করে দেয়া হবে।