News71.com
 Bangladesh
 27 Apr 20, 12:41 PM
 312           
 0
 27 Apr 20, 12:41 PM

হাট-বাজার সংলগ্ন স্থান থেকে কাঁচাবাজার সরিয়ে নেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের॥

হাট-বাজার সংলগ্ন স্থান থেকে কাঁচাবাজার সরিয়ে নেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের॥

নিউজ ডেস্কঃ হাট ও বাজার সংলগ্ন স্থান থেকে কাঁচাবাজার, মাছ-মাংসের দোকান নিকটবর্তী সরকারি খাস জমি বা অন্য কোন সুবিধাজনক স্থানে সরিয়ে নেওয়ার জন্য সব জেলা প্রশাসকের প্রতি নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। রবিবার ভূমি সচিব মো. মাক্ছুদুর রহমান পাটওয়ারী স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে দেশের সব জেলার জেলা প্রশাসককে এ নির্দেশনার কথা জানানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, করোনা ভাইরাসজনিত কারণে হাট ও বাজারে ব্যাপক জনসমাবেশ, উপস্থিতি শারীরিক দূরত্ব বজায় থাকার পরিপন্থী। ফলে শারীরিক দূরত্ব বজায় রাখার বিষয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে, বিশেষ করে কাঁচাবাজার, মাছবাজার, শাক-সবজির বাজার মূল বাজার নিকটবর্তী সুবিধাজনক স্থানে সরিয়ে নিতে বলা হচ্ছে। একই সঙ্গে স্থানান্তরিত হাট-বাজারের ক্রেতা-বিক্রেতার সামাজিক দূরত্ব নিশ্চিতকরণের বিষয়ে বাজার ব্যবস্থাপনা কমিটি, স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সহায়তা নিতে হবে বলে চিঠিতে জানানো হয়।

ভূমি মন্ত্রণালয় জানায়, হাট-বাজারগুলোর মালিকানা ভূমি মন্ত্রণালয়ের এবং এগুলো হাট ও বাজার (প্রতিষ্ঠা ও অধিগ্রহণ) অধ্যাদেশ ১৯৫৯ এর অধীনে পরিচালিত হয়ে আসছে। জেলায় নতুন হাট-বাজার স্থাপন ও বিলুপ্তির বিষয়টি জেলা প্রশাসকের অন্যতম কাজ। এ সব ক্ষেত্রে নতুন হাট-বাজার সৃষ্টি আবশ্যক হলে কালেক্টর সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠান। এ ছাড়া বিশেষ ক্ষেত্রে কিছু সৃষ্ট হাট-বাজারের ব্যবস্থাপনা বর্তমানে স্থানীয় সরকার বিভাগকেও দেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন