
নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতির কারণে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্থগিত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। পরীক্ষা স্থগিত করে এনটিআরসিএ একটি আদেশ জারি করেছে। আদেশে বলা হয়, ২০২০ সালের ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট ও লিখিত পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো। পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে। ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট আগামী ১৫ ও ১৬ই মে সকাল ১০-১১টা পর্যন্ত এবং আগামী ৭ ও ৮ আগস্ট সকাল ৯টা- ১২টা পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এদিকে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে ১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশের কথা থাকলেও সেটিও আটকে গেছে।