
নিউজ ডেস্কঃ বেতিয়ারা শহীদ দিবসের আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধের পুনর্জাগরণ ঘটানোর আহ্বান জানিয়েছে। আজ শনিবার কুমিল্লার বেতিয়ারায় শহীদ স্মৃতিসৌধ চত্বরে বেতিয়ারার শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিরক্ষা কমিটি এ আলোচনা সভার আয়োজন করে। প্রসঙ্গত,১৯৭১ সালের ১১ নভেম্বর কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বেতিয়ারাতে পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে অসীম সাহসিকতার সঙ্গে যুদ্ধ করে জীবন উৎসর্গ করেন ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনীর ৯ জন গেরিলা যোদ্ধা। বেতিয়ারার ওই যুদ্ধে শহীদ হন নিজাম উদ্দিন আজাদ, সিরাজুম মুনীর, মো. শহীদুল্লাহ, বশির মাস্টার, আব্দুল কাইয়ুম, জহিরুল হক দুদু, আওলাদ হোসেন, কাদের মিয়া ও সফিউল্লাহ।
শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিরক্ষা কমিটির সভাপতি জিয়াউল হোসেন জিবুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন কমিউনিস্ট পার্টির সম্পাদক আহসান হাবিব লাভলু, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, কেন্দ্রীয় ছাত্র ইউনিয়ন সভাপতি জিলানী শুভ, সিপিবি নোয়াখালী জেলা কমিটির সভাপতি শহীদ উদ্দিন বাবুল, কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক পরেশ কর, কুমিল্লা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক, গণতন্ত্রী পার্টির ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মিনহাজ আহম্মদ সেলিম, যুব ইউনিয়ন কুমিল্লা জেলা কমিটির সভাপতি মিজানুর রহমান কাউছার, মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবদুল ওয়াদুদ, মুক্তিযোদ্ধা এ কে এম মহিউদ্দীন, অবসরপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, শব্দসৈনিক সামশুল ইসলাম চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, যে স্বপ্ন ও অঙ্গীকার নিয়ে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল, সেই স্বপ্ন ও অঙ্গীকার থেকে বাংলাদেশ অনেক দূরে সরে গেছে। শাসকদের আপোশকামিতা, আশ্রয়-প্রশ্রয়, ক্ষমতাকেন্দ্রিক নানা হিসাব-নিকাশের কারণে যুদ্ধাপরাধীরা এখন মুক্তিযুদ্ধের চেতনা ও ভিত্তির ওপর আঘাত হানছে। দেশকে মুক্তিযুদ্ধের ধারায় ফিরিয়ে আনতে হলে, মুক্তিযুদ্ধের পুনর্জাগরণ ঘটাতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে আওয়ামী লীগ-বিএনপির দ্বি-দলীয় মেরুকরণের বাইরে বাম-গণতান্ত্রিক বিকল্প বলয় গড়ে তুলতে হবে। অবিলম্বে যুদ্ধাপরাধী জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার দাবি জানান বক্তারা। এর আগে বেতিয়ারার শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে কমিউনিস্ট পার্টি-ন্যাপ-ছাত্র ইউনিয়নের গেরিলা বাহিনীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন এবং স্থানীয় জনসাধারণ পুষ্পার্ঘ্য অর্পণ করে।