
নিউজ ডেস্কঃ রাজধানীর স্থান সংকট দূর করতে ঢাকা শহরের বিস্তার পূর্বাচল পর্যন্ত হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, পূর্বাচল নতুন শহর প্রকল্পই প্রকৃত অর্থে নতুন ঢাকা হিসেবে গড়ে উঠবে। এ লক্ষ্যে সেখানে পরিকল্পিত নগরায়নের পাশাপাশি আইনশৃঙ্খলা ব্যবস্থাও শক্তিশালী করা হচ্ছে। বুধবার (১ জুলাই) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় নবনির্মিত বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আইজিপি জানান, পূর্বাচলে পুলিশের কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হলো বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধনের মাধ্যমে। পরিকল্পিত ও নিরাপদ নগরী গড়ে তুলতে এ ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মো. আলী হোসেন ফকির বলেন, সরকারের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অধীনে ৪টি থানা, ৬টি তদন্ত কেন্দ্র, ২টি পুলিশ লাইনস, ৩টি উপ-পুলিশ কমিশনার (ডিসি) কার্যালয় এবং ৪১টি পুলিশ বক্স স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। তিনি আরও বলেন, পূর্বাচল আবাসিক প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থানা ও তদন্ত কেন্দ্র স্থাপনের প্রশাসনিক অনুমোদন দিয়েছে। পরে রাজউক বাংলাদেশ পুলিশের অনুকূলে পর্যায়ক্রমে ২৯ দশমিক ২১ একর জমি বরাদ্দের সিদ্ধান্ত নেয়। এর মধ্যে ১৮ দশমিক ৬৩ একর জমির রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে এবং অবশিষ্ট জমির নিবন্ধন প্রক্রিয়াধীন।