
নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার দন্ডপ্রাপ্ত আসামি সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হাবিবুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।আজ শুক্রবার (৩১ মার্চ) দুপুরে তাকে বরিশালের হিজলা নৌ-পুলিশ ফাঁড়ি থেকে গ্রেফতার করা হয়। আটক হাবিবুরের বাড়ি শরীয়তপুরের নড়িয়া এলাকায়। সাত খুনের ঘটনার সময় নারায়ণগঞ্জ র্যাবে কনস্টেবল হিসেবে কমর্রত ছিলেন। পাশাপাশি চাকরিচ্যুত লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদের দেহরক্ষীর দায়িত্বে ছিলেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে বরিশালের হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান জানান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হাবিবুর রহমানকে হিজলা নৌ-ফাঁড়ি থেকে গ্রেফতার করে নড়িয়া থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। এএসআই হাবিবুর রহমানের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সাত খুন মামলায় ১৭ বছরের সাজা পরোয়ানা রয়েছে।
গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায়র রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতে অনুপস্থিত ছিলেন হাবিবুর রহমান।