
নিউজ ডেস্ক : এবার মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীতে ট্রলার ডুবে নিহত ১ । আজ শুক্রবার (৩১ মার্চ) দুপুরে সদর উপজেলার মিরকাদিম লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।ট্রলার ডুবি যেন পিছু ছাড়ছে না দেশের মানুষের। গত সপ্তাহের মাঝামাঝিতে বাগেরহাটের মোড়েলগঞ্জে ট্রলার ডুবিতে প্রাণ গেল মহিলা শিশুসহ ১৫ জনের। এঘটনায় এখনো নিখোজ রয়েছে অন্তত ৭ জন। দুইদিন অতিবাহিত না হতেই গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জে ফের ট্রলার ডুবিতে প্রাণ গেল বেশকয়েকজনের সেখানেও উদ্ধার কাজ এখনো চলছে।
এমতাবস্থায় ফের মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে ট্রলার ডুবে মো. জামাল হোসেন বাবু (৩০) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ ঘটনায় শাকিল হোসেন (৪০) নামে আরও একজন আহত হয়েছেন। নিহত জামাল হোসন বাবু ঢাকার রায়েরবাগ এলাকার বাসিন্দা।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যার ইন্সপেক্টর মন্টু বিশ্বাস জানান, দুপুরে উপজেলার মিরকাদিম লঞ্চঘাট এলাকায় একটি ট্রলার ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘণ্টাব্যাপী নদীতে তল্লাশি করে গুরুতর আহত অবস্থায় শাকিলকে উদ্ধার করে। পরে বিকেলে জামালের মরদেহ উদ্ধার করা হয়। জামালের মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।