News71.com
 Bangladesh
 31 Mar 17, 06:36 PM
 206           
 0
 31 Mar 17, 06:36 PM

র‌্যাব গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল আজাদকে বনানী করবস্থানে সমাহিত

র‌্যাব গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল আজাদকে বনানী করবস্থানে সমাহিত

নিউজ ডেস্ক : বনানী কবরস্থানে চির সমাহিত হলেন সিলেটে বিস্ফোরণে নিহত র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) গোয়েন্দা শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ। আজ শুক্রবার (৩১ মার্চ) বিকেল পৌনে ৫ টার দিকে বনানী কবরস্থানে সমাহিত করা হয় তাকে। এসময় সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এর আগে বিকেল সাড়ে তিনটার দিকে উত্তরা র‌্যাব হেডকোয়ার্টারে এ জানাজা অনুষ্ঠিত হয়। সেখানেও র‌্যাবের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ র‌্যাব-পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আজাদের মরদেহের ময়নাতদন্ত শেষ হয়।

ময়নাতদন্ত শেষে ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডা. সোহেল মাহমুদ সাংবাদিকদের বলেন, বোমা বিস্ফোরণের পর সিপ্লন্টার কর্নেল আজাদের বাম চোখ দিয়ে ঢুকে ব্রেইনে চলে যায়। ময়নাতদন্ত করার সময় তার ব্রেইন থেকে সিপ্লন্টার উদ্ধার করা হয়। সিপ্লন্টারের আঘাতেই তার মৃত্যু হয়েছে। তার শরীরের অন্যান্য অংশে তেমন আঘাতের চিহ্ন নেই বলেও জানান তিনি।

সকাল ৯টায় শুরু হয়ে ১০টার দিকে কর্নেল আজাদের মরদেহ ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়নাতদন্ত শেষে তার মরদেহে র‌্যাব নিয়ে যায়। এর আগে সকাল ৮ টার কিছু আগে তার মরদেহ ঢামেক হাসপাতালে পৌঁছায়। গতকাল বৃহস্পতিবার (৩০ মার্চ) দিনগত রাত ১২ টা ৫ মিনিটের দিকে সিএমএইচ-এ চিকিৎসাধীন অবস্থায় কর্নেল আজাদের মৃত্যু হয়।

সিলেটের দক্ষিণ সুরমা থানার শিববাড়ি এলাকায় জঙ্গিবিরোধী অভিযানের সময় গত ২৫ মার্চ রাতে একটি বোমা বিস্ফোরণে গুরুতর আহত হন আবুল কালাম আজাদ। এর পাঁচদিন পর তার মৃত্যু হলো। এ নিয়ে বিস্ফোরণের ওই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো সাতে।ঘটনার পরপর দুই পুলিশ কর্মকর্তাসহ ৬ জন নিহত হন। সে সময় আহত হন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদসহ আহত হন ৪২।

পরে আহত আজাদকে সিলেটের এম এজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাতেই তার মাথায় বেশ কয়েকটি সার্জারি হয়। এরপর হেলিকপ্টারে যোগে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে আসা হয়। পরে অবস্থার উন্নতি না হলে গত ২৬ মার্চ (রোববার) তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। ২৯ মার্চ আবুল কালাম আজাদকে লাইফ সাপোর্টে রাখা অবস্থাতেই এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফেরত পাঠানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন