
নিউজ ডেস্ক : কেন্দ্রীয় ছাত্রদল নেতা নুরুল আলম নুরুকে ‘পুলিশ হত্যা করেছে’ এমন অভিযোগ এনে রোববার (২ এপ্রিল) বৃহত্তর চট্টগ্রামে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে চট্টগ্রাম নগর ছাত্রদল। শুক্রবার (৩১ মার্চ) দুপুরে নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে নুুরুল আলম নুরুর জানাজা শেষে মহানগর বিএনপির সভাপতি শাহাদত হোসেন এ হরতালের ডাক দেন।
তিনি বলেন, ‘ছাত্রদল এই হরতাল ডাকলেও বিএনপি ও সহযোগী সংগঠনগুলো এতে সমর্থন দেবে। রোববার সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত চট্টগ্রাম মহানগর ও জেলা এবং রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলায় এই হরতাল চলবে।’
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে রাউজান উপজেলার বাগোয়ান এলাকায় কর্ণফুলী নদীর পাড়ে হাত-মুখ বাঁধা অবস্থায় নুরুর মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগের দিন বুধবার রাত ১২ টার দিকে পুলিশ পরিচয়ে বাসা থেকে তাকে তুলে নেওয়া হয় বলে পরিবার অভিযোগ করে আসছে। বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদেরও অভিযোগ ‘পুলিশই ধরে নিয়ে নুরুকে হত্যা করেছে’।