
নিউজ ডেস্ক : দু’দেশের মধ্যে বন্ধুত্ব ও সোহার্দ্য আরও জোরদার করতে ভারত-বাংলাদেশ সেনাবাহিনীর ৩৫ সদস্যের একটি সাইকেল র্যালি বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে গেছে। আজ শুক্রবার (৩১ মার্চ) বেলা ১১ টায় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে পাসপোর্টের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দলটি ভারতে প্রবেশ করে। এর আগে গত ২২ মার্চ সকালে ভারতীয় সেনাবাহিনীর সাইকেল র্যালিটি (সাইক্লিং অ্যাডভেঞ্চার কার্যক্রম) নিয়ে আখাউড়া চেকপোস্ট দিয়ে বাংলাদেশে আসে।
চেকপোস্ট ইমিগ্রেশন-কাস্টমস সূত্রে জানা যায়, র্যালিতে বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেজর জিএম সাজ্জাতের নেতৃত্বে ১৮ জন সদস্য রয়েছেন। অপরদিকে ভারতীয় সেনাবাহিনীর মেজর কমলজিৎ সিংহের নেতৃত্বে রয়েছেন ১৭ সৈনিক। ৫ এপ্রিল বাংলাদেশ সেনাবাহিনীর র্যালিটি ভারত ভ্রমণ শেষে দেশে ফিরবে।
জানা যায়, দু’দেশের সরকারি পর্যায়ে আলোচনা শেষে সেনাবাহিনীর এই যৌথ সাইকেল র্যালির সিদ্ধান্ত হয়। সংশ্লিষ্টরা মনে করছেন এধরনের পদক্ষেপ দু’দেশের সরকার ও সেনাবাহিনীর মধ্যে সোহার্দ্য মনোভাব আরও জোরদার করতে ভূমিকা রাখবে। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) ফজলুর রহমান দু’দেশের সেনাবাহিনীর যৌথ সাইকেল র্যালির বিষয়টি নিশ্চিত করেছেন।