
নিউজ ডেস্ক : বোমার সিপ্লন্টার মস্তিষ্কে আঘাত করায় র্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদ মারা গেছেন। তার মগজ থেকে একটি সিপ্লন্টারও বের করা হয়েছে বলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) ময়না তদন্তকারী চিকিৎসক জানিয়েছেন। আজ শুক্রবার (৩১ মার্চ) সকালে আজাদের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ঢামেক ফরেনসিক বিভাগের প্রধান অধ্যাপক ডা. সুহেল মাহমুদ বলেন, ‘শুক্রবার সকাল ৯ টা ২০ মিনিটে ময়নাতদন্ত শুরু হয় এবং প্রায় ৪০ মিনিটে তা শেষ হয়। এরপরই তার লাশ বুঝিয়ে দেয়া হয়। তিনি বলেন, ‘তার শরীরে বোমার কিছু আঘাত রয়েছে। তবে ব্রেনের আঘাতেই মূলত তার মৃত্যু হয়েছে।’
উল্লেখ্য, সিলেটের দক্ষিণ সুরমায় শিববাড়ি এলাকার পাঠানপাড়ায় আতিয়া মহলে শনিবার সন্ধ্যায় বোমা বিস্ফোরণে আহত হন আজাদ। প্রথমে তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়। কিন্তু শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় রাতে বিমান বাহিনীর হেলিকপ্টারে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে আসা হয়। এরপর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। বুধবার তাকে ঢাকায় আনা হয়। বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার কিছু পর তিনি মারা যান।