
নিউজ ডেস্ক : বাংলাদেশের সেনাবাহিনী প্রধান আবু বেলাল মোহাম্মাদ শফিউল হকের আমন্ত্রণে একাত্তরে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল বিপিন রাওয়াত তিন দিনের সফরে আগামী ৩১ মার্চ (শুক্রবার) সস্ত্রীক ঢাকায় আসছেন। বুধবার (২৯ মার্চ) দুপুরে বাংলাদেশে ভারতের হাইকমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২০১৭ সালের ১ জানুয়ারি সেনাবাহিনীর প্রধান হওয়ার পর রাওয়াতের এটিই প্রথম বিদেশ সফর । তার এ সফর দুদেশের মধ্যে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সফর বিনিময়ের একটি অংশ।এর আগে ২০১৫ সালে বাংলাদেশের সেনাপ্রধান বেলাল মোহাম্মাদ শফিউল হক ভারত সফর করেন। বাংলাদেশের বিমানবাহিনী ও নৌবাহিনী প্রধানরাও ২০১৬ সালে ভারত সফর করেন।ওই বছরেই ভারতের বিমানবাহিনী ও নৌবাহিনী প্রধানরা বাংলাদেশ সফর করেন।
ভারতীয় সেনাবাহিনী প্রধান তিন দিনের সফরকালে প্রেসিডেন্ট আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া তিনি জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। উল্লেখ্য, ১৯৭১ সালে ভারতীয় সেনাবাহিনীতে বিপিন রাওয়াতের ব্যাটালিয়ান ৫/১১ জিআর উত্তরবঙ্গের পীরগঞ্জ, গোরাঘাট, গোবিন্দগঞ্জ, শেওলাকান্দী, মহাস্থান ব্রিজ ও বগুড়ায় মুক্তিযুদ্ধে করেছেন।