
নিউজ ডেস্ক : অধস্তন আদালতের ৫৪০ জন বিচারককে উন্নত প্রশিক্ষণ ও উচ্চশিক্ষা প্রদানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ে পাঠাচ্ছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। অধস্তন আদালত ব্যবস্থা শক্তিশালীকরণে আইন ও বিচার বিভাগের সক্ষমতা বৃদ্ধিকরণ’ শীর্ষক প্রকল্প থেকে এ প্রশিক্ষণ ও উচ্চশিক্ষা ব্যয় নির্বাহ করা হবে। আজ মঙ্গলবার (২৮ মার্চ) রাজধানীর একটি হোটেলে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
এতে আইন মন্ত্রণালয়ের পক্ষে আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুর হক এবং ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের পক্ষে ওই বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও প্রেসিডেন্ট প্রফেসর বার্নি গ্লোভার স্বাক্ষর করেন। এ সময় আইনমন্ত্রী আনিসুল হক, ঢাকায় অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনার শেলি-অ্যানি ভিনসেন্ট, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম, প্রকল্প পরিচালক বিকাশ কুমার সাহাসহ আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, মানসম্পন্ন বিচার ব্যবস্থা নিশ্চিত করে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে সরকার ইতোমধ্যেই বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে এবং কিছু পদক্ষেপের বাস্তবায়নও সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, বর্তমান সরকার বিশ্বাস করে একটি সুদক্ষ বিচার বিভাগের জন্য প্রয়োজন সুদক্ষ মানবসম্পদ। তাই এই মানবসম্পদের উন্নয়নের জন্য স্থানীয় প্রশিক্ষণের পাশাপাশি বিদেশে প্রশিক্ষণ প্রদানের পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সুষ্ঠু, দ্রুততা এবং দক্ষতার সঙ্গে বিচারকার্য এবং বিচার ব্যবস্থাপনা পরিচালনার লক্ষ্যে অধস্তন আদালতের বিচারকদের বিদেশে প্রশিক্ষণ এবং উচ্চশিক্ষা প্রদানের প্রকল্প গ্রহণ করা হয়েছে।