News71.com
 Bangladesh
 28 Mar 17, 10:33 PM
 271           
 0
 28 Mar 17, 10:33 PM

রাজধানীতে জোড়া খুন মামলায় রনির বিরুদ্ধে পাঁচজনের সাক্ষ্য গ্রহন

রাজধানীতে জোড়া খুন মামলায় রনির বিরুদ্ধে পাঁচজনের সাক্ষ্য গ্রহন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের মামলায় সাংসদ পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনির বিরুদ্ধে আরও পাঁচ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। আজ মঙ্গলবার (২৮ মার্চ) ঢাকার দ্বিতীয় অতিরিক্ত ঢাকা মহানগর দায়রা জজ মোসা. শামসুন্নাহার সাক্ষ্য গ্রহণের পর আগামী ৭ মে পরবর্তী সাক্ষ্যের দিন ধার্য করেছেন। সাক্ষ্যগ্রহণকালে আসামি বখতিয়ার আলম রনিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

স্বাক্ষীরা হলেন, পুলিশের এএসপি আবু তাহের, এসআই আব্দুর রাজ্জাক এবং ফয়সাল চৌধুরী, দিপক সাহা ও ইউসুফ মোল্লা। প্রসঙ্গত, এ নিয়ে মামলাটির ৩৭ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো। এর আগে গত বছর ৬ মার্চ মামলাটিতে এ আসামির অব্যাহতির আবেদন নাকচ করে আদালত চার্জ গঠন করেন। মামলাটিতে ২০১৫ সালের ২১ জুলাই ডিবি পুলিশের এসআই দীপক কুমার দাস রনির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ১৩ এপ্রিল রাত পৌনে ২ টার দিকে রাজধানীর নিউ ইস্কাটনে একটি কালো রঙের প্রাডো গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছুড়লে তাতে অটোরিকশাচালক ইয়াকুব আলী ও রিকশাচালক আবদুল হাকিম আহত হন। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

ওই ঘটনায় নিহত হাকিমের মা মনোয়ারা বেগম অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে রমনা থানায় ১৫ এপ্রিল একটি হত্যা মামলা দায়ের করেন। গত বছর ৩০ মে এলিফ্যান্ট রোডের বাসা থেকে এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে বখতিয়ার আলম রনিকে আটক করে ডিবি পুলিশ। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন