News71.com
 Bangladesh
 18 Sep 16, 04:45 PM
 314           
 0
 18 Sep 16, 04:45 PM

'বেহেস্তের হুরের প্রলোভন দেখিয়ে জঙ্গিবাদে সম্পৃক্ত করা হচ্ছে' ।। শিক্ষামন্ত্রী নাহিদ

'বেহেস্তের হুরের প্রলোভন দেখিয়ে জঙ্গিবাদে সম্পৃক্ত করা হচ্ছে' ।। শিক্ষামন্ত্রী নাহিদ

নিউজ ডেস্ক: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ইসলামের কথা বলে শিক্ষার্থীদের বিভ্রান্ত করা হচ্ছে। তাদেরকে বেহেস্ত ও বেহেস্তের হুরের প্রলোভন দেখিয়ে জঙ্গিবাদে সম্পৃক্ত করা হচ্ছে। কিন্তু ঐ সকল জঙ্গিদের লাশ বাবা মা নিচ্ছেন না। যাদের লাশ বাবা মা গ্রহণ করে না তারা কিভাবে বেহেস্ত যাবেন? এটা বিভ্রান্তমূলক ছাড়া আর কিছুই না।

শিক্ষামন্ত্রী অভিভাবকদের তাদের সন্তানদের প্রতি আরো যত্নবান হওয়ার আহ্বান করেছেন। সন্তানরা যে যেখানে লেখাপড়া করে সেখানে যেন মূল্যবোধ বজায় রাখা হয়। আজ রবিবার কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৪৫ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০১৬ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি। শিক্ষামন্ত্রী বেলুন ও পায়রা উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

জানা গেছে, বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা জাতীয় ক্রীড়া সমিতি আয়োজিত এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ৪ শত ২৪ জন শিক্ষার্থী অংশ নেবে। আর এদের মধ্যে ছাত্র ২শত ৬৪ জন ও ছাত্রী ১শত ৬০ জন। ইভেন্টের মধ্যে রয়েছে ফুটবল, সাঁতার, হ্যান্ডবল ও কাবাডি। আজ ১৮ সেপ্টেম্বর থেকে আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এছাড়া, এ উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন