
নিউজ ডেস্ক: বান্দরবানের রিজুক ঝর্ণায় গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন এক ব্যক্তি। তিনি বগুড়া আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক তৌফিক আহমদ (৩৮)। আজ শনিবার বিকাল রুমা উপজেলার রিজুক ঝর্ণামুখ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশের থেকে জানা যায়, নিখোঁজ অধ্যাপক তার পরিবারের সদস্যদের নিয়ে আজ সকালে রুমা বাজার হয়ে রিজুক ঝর্ণা দেখতে আসেন। বিকাল সাড়ে ৩টার দিকে রিজুক ঝর্ণামুখে তিনি ও পরিবারের সদস্যরা গোসল করতে নামেন। পরিবারের অন্যান্য সদস্যরা উঠে আসলেও অধ্যাপক নিখোঁজ হন।
বান্দরবান ফায়ার সার্ভিস সূত্র বলেছে, নিখোঁজ পর্যটককে খুঁজতে চট্টগ্রাম থেকে ৪ জন ডুবুরিকে নিয়ে আসা হচ্ছে। আজ রাতেই তারা ঘটনাস্থলে পৌঁছবেন বলে আশা করা হচ্ছে।
বান্দরবানের রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম বলেছেন, নিখোঁজ পর্যটককে উদ্ধারে রিজুক ঝর্ণার পার্শ্বস্থ সাঙ্গু নদীতেও খোঁজ করা হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।