
নিউজ ডেস্কঃ নাশকতার অভিযোগে করা পৃথক পাঁচ মামলায় জামিন পেয়েছেন কাশিমপুর কারাগারে বন্দী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। তবে রমনা থানায় একটি মামলায় জামিন না পাওয়ায় এই মুহূর্তে মুক্তি পাচ্ছেন না তিনি।
রুহুল কবীর রিজভীর করা আপিল গ্রহণ করে আজ বুধবার (০৭ সেপ্টেম্বর) বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি আকরাম হোসেন চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার ছয় মাসের জামিন মঞ্জুর করেন। নিম্ন আদালতের জামিন নামঞ্জুর করে দেওয়া আদেশের বিরুদ্ধে এই আপিল করা হয়েছিল।
নাশকতার অভিযোগে ২০১৩ ও ২০১৫ সালে মতিঝিল, রমনা ও খিলগাঁও থানায় একটি করে এবং পল্লবী থানায় দুটি করে মামলা হয়। এসব মামলায় রিজভী গত ১৮ আগস্ট নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে তাকে কারাগারে পাঠান। নিম্ন আদালতের জামিন নামঞ্জুরের বিরুদ্ধে চলতি সপ্তাহে তিনি হাইকোর্টে জামিন চেয়ে আপিল করেন। আদালতে রিজভীর পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন সগীর হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রোনা নাহরিন।