
নিউজ ডেস্কঃ যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে পাকিস্তান ও তুরস্কের মন্তব্যকে ধৃষ্টতাপূর্ণ উল্লেখ করে দেশ দুটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়েছে চট্টগ্রাম পেশাজীবী সমন্বয় পরিষদ।
মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) বিকেলে নগরের প্রেসক্লাবের সামনে সমন্বয় পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এ দাবি জানানো হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি এ কিউ এম সিরাজুল ইসলাম।
পরিষদের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গাজী সালেহউদ্দিন, স্থপতি বিধান বড়ুয়া, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস, কলেজশিক্ষক ইদ্রিস আলী, নারীনেত্রী নূরজাহান খান, সংস্কৃতিকর্মী রাশেদ হাসান সহ প্রমুখ।
পরিষদের সভাপতি এ কিউ এম সিরাজুল ইসলাম বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে তুরস্ক ও পাকিস্তান যেভাবে অযাচিত মন্তব্য করেছে, তা ধৃষ্টতাপূর্ণ। আমরা এই দুই দেশের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানাচ্ছি।’
সভায় বক্তারা বলেন, এক দেশের যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে অন্য দেশের প্রশ্ন তোলা একটি স্বাধীন দেশের বিচারব্যবস্থা নিয়ে মন্তব্যের শামিল। বাংলাদেশের বিচার নিয়ে পাকিস্তান ও তুরস্কের অযাচিত হস্তক্ষেপের উচিত জবাব দেওয়া দরকার। তারা পাকিস্তান ও তুরস্কের পণ্য বর্জন এবং কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানান সরকারের কাছে।
বক্তারা আরো বলেন, দুই দেশের এমন মন্তব্যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এখনো চুপ রয়েছে। বক্তারা বাংলাদেশে অ্যামনেস্টির কার্যক্রম বন্ধেরও দাবি জানান।
চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজ ছাত্রলীগ প্রেসক্লাবের সামনে আজ দুপুরে পাকিস্তান ও তুরস্কের জাতীয় পতাকা পুড়িয়ে প্রতিবাদ জানায়। সে সময় তারা দুই দেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।