
নিউজ ডেস্কঃ ব্রহ্মপুত্র-যমুনা ও কুশিয়ারা নদনদীর পানি বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে গঙ্গা-পদ্মা ও সুরমা নদীর পানি হ্রাস পাচ্ছে।মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, আগামী ২৪ ঘন্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদনদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। অপরদিকে কুশিয়ারা নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে। গঙ্গা-পদ্মা নদীর পানি সমতলের হ্রাস আগামী ৭২ ঘন্টায় অব্যাহত থাকতে পারে। সুরমা নদীর পানি হ্রাস আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
উল্লেখ্য, পানি উন্নয়ন বোর্ডের ৯০টি পানি মনিটরিং স্টেশনের মধ্যে ৪০টি স্থানে পানি বৃদ্ধি এবং ৪৪টি স্থানে পানি হ্রাস পেয়েছে। ৫টি স্থানে পানি অপরিবর্তিত রয়েছে এবং ১টি স্থানের তথ্য পাওয়া যায়নি। ৩টি স্থানের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।