News71.com
 Bangladesh
 07 Sep 16, 12:30 AM
 395           
 0
 07 Sep 16, 12:30 AM

বেসিক ব্যাংকে জালিয়াতির মামলায় ব্যবসায়ী গ্রেপ্তার।।

বেসিক ব্যাংকে জালিয়াতির মামলায় ব্যবসায়ী গ্রেপ্তার।।

নিউজ ডেস্কঃ বেসিক ব্যাংকে জালিয়াতির মামলায় এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি দল রাজধানীর বসিলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।


গ্রেপ্তার হওয়া এ কে আজাদ লোটাস স্টীল করপোরেশন নামের একটি প্রতিষ্ঠানের মালিক। অবশ্য তিনি মামলার এজাহারভুক্ত আসামি নন। মামলার তদন্তে তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয় বলে দুদক সূত্র জানিয়েছে।


সূত্র জানায়, গত বছরের ২১ সেপ্টেম্বর গুলশান থানায় করা একটি মামলার তদন্ত করছেন সংস্থার সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান। ওই মামলার এজাহারের তথ্য অনুযায়ী মেসার্স মনিকা ট্রেডিং ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মনির হোসেন অন্যদের সহায়তায় বেসিক ব্যাংকের গুলশান শাখা থেকে ৬৮ কোটি ৮১ লক্ষ টাকা তুলে নিয়ে আত্মসাৎ করেছেন, যা বর্তমানে সুদসহ হয়েছে ৮৩ কোটি ৪৮ লক্ষ টাকা। মনির হোসেন ছাড়া মামলার এজাহারভুক্ত অন্য আসামিরা হলেন ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক ফজলুল সোবহান, এ মোনায়েম খান ও মো. সেলিম, গুলশান শাখার সাবেক শাখা প্রধান শিপার আহমেদ এবং ক্রেডিট ইনচার্জ জাহিদ হোসেন।
দুদক সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া এ কে আজাদ মামলায় এজাহারভুক্ত না হলেও তদন্তে এর সঙ্গে তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। সংস্থার জনসংযোগ বিভাগের তথ্য অনুযায়ী এ কে আজাদ ছয় কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে তদন্তে প্রমাণ পাওয়া গেছে।


বেসিক ব্যাংকে জালিয়াতির ঘটনায় গত বছরের সেপ্টেম্বরে তিন দিনে ৫৬টি মামলা করে দুদক। ওই সব মামলায় এর আগে ব্যাংকটির পাঁচ কর্মকর্তা, পাঁচ ব্যবসায়ীসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করে সংস্থাটি। এরা সবাই এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তারকৃতরা ব্যাংকাররা হলেন ব্যাংকটির সাবেক উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ফজলুস সোবহান ও মো. সেলিম, উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ও গুলশান শাখার ব্যবস্থাপক শিপার আহমেদ, মহাব্যবস্থাপক (জিএম) জয়নাল আবেদীন চৌধুরী এবং প্রধান কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক ইকরামুল বারী। গ্রেপ্তার হওয়া ব্যবসায়ীরা হলেন মেসার্স এমারেল্ড ড্রেস লিমিটেডের সৈয়দ হাসিবুল গণি, এশিয়ান শিপিং বিডির প্রোপ্রাইটর মো. আকবর হোসেন, ফারশি ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফয়েজুন নবী চৌধুরী, এআরএসএস ইন্টারন্যাশনাল লিমিটেডের মালিক মো. সাবির হোসেন, নাহার গার্ডেন প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম। এ ছাড়া সার্ভে প্রতিষ্ঠান রুপসা সার্ভেয়ার্সের প্রধান সার্ভেয়ার ও ব্যবসায়িক অংশীদার শাজহান আলীকে গ্রেপ্তার করে দুদক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন