
নিউজ ডেস্ক : ভালো ছাত্রনেতা হতে অবশ্যই দশটি গুণ থাকা উচিত বলে অভিমত দিয়েছেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। গত রবিবার কক্সবাজার জেলা ছাত্রলীগ আয়োজিত রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা ও বর্ধিত সভায় অনুপ্রেরণা মূলক বিষয়ভিত্তিক বক্তার বক্তব্যে তিনি এ অভিমত প্রকাশ করেন।
তিনি বলেন, ‘দেশকে এগিয়ে নিতে হলে অবশ্যই ভালো ছাত্রনেতা হতে হবে। একজন ভালো ছাত্রনেতার অবশ্যই দশটি গুণ থাকতে হবে। এগুলো হলো ভিশন-মিশন, সাহসিকতা, সচেতনতা, আত্মবিশ্বাস, সততা, সুদূর প্রসারী লক্ষ্য, সমবায় ও সহযোগিতা, অণুপ্রেরণা, আশাবাদী মনোভাব ও আনুগত্য।’
এই দশ গুণের ব্যখ্যা দিয়ে তিনি আরো বলেন, সহজ সরল কোমলমতি ছাত্ররা জঙ্গিবাদের নামে জীবন দিচ্ছে অথচ তারা জানে না কেনো তারা প্রাণ হারাচ্ছে। শান্তির ধর্ম ইসলামে কোনো জঙ্গিবাদের স্থান নেই।
কর্মীদের পাশে নেতাদের থাকার আহ্বান জানিয়ে সুদর্শন এ ছাত্রনেতা বলেন,‘একজন ছাত্রলীগ কর্মী যখন যেভাবেই বিপদে পড়ুক। তাকে উদ্ধার করার দায়িত্ব যেকোনো ছাত্রলীগ নেতার।ছাত্রলীগের কোনো সদস্য যদি বিপদে পড়ে অবশ্যই তার পাশে দাঁড়াতে হবে যদিও তারা ভুল করে। এরপর সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে’ তিনি সকল নেতাকর্মীদের মূল্যায়নের আহ্বান জানান।
কক্সবাজার জেলা ছাত্রলীগ সভাপতি ইসতিয়াক আহমেদ জয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরুল রাশেদের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ, ও সাবেক সহ-সভাপতি প্রশান্ত ভূষণ বড়ুয়া ।
এসময় আরো উপস্থিত ছিলেন, সহ-সভাপতি এরশাদুর রহমান চৌধুরী, মশিউর রহমান শরিফ, সাকিব হাসান সুইম, নাজমুল হক, রাজিব আহমেদ রাসেল, যুগ্ন-সাধারণ সম্পাদক, আব্দুর রাজ্জাক লালন, মাহমুদুল হাসান, ক্রীড়া সম্পাদক চিন্ময় রয়, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক জয়নাল আবেদিন, বুয়েট ছাত্রলীগ সভাপতি শুভ্র জতি ঠিকাদার, ডুয়েট ছাত্রলীগ সভাপতি নাসির।