
নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকায় কোরবানির গরু বিক্রয় করে গাবতলী থেকে জেআর পরিবহনে করে মেহেরপুরে আসার পথে চার গরু ব্যবসায়ী অজ্ঞান পার্টির কবলে পড়েছেন। অজ্ঞান পার্টির সদস্যরা তাদের কাছে থাকা নগদ ২ লাখ টাকা হাতিয়ে নেয়।
গতকাল রাতে মেহেরপুর যাওয়ার পথে জেআর পরিবহনে এ ঘটনা ঘটে। ৪ গরু ব্যবসায়ীরা হলেন, মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের আব্দুল মজিদ (৪৫), কামাল হোসেন (৩৩), কালু মিয়া (২৫) ও আসাদুল ইসলাম। মুজিবনগর থানার ওসি কাজী কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অজ্ঞান পার্টির কবলে পড়া ৪ গরু ব্যবসায়ী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
পুলিশ সূতে জানা গেছে, মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের ৪ গরু ব্যবসায়ী ঢাকায় গরু বিক্রয় করে গতকাল রাতে মেহেরপুরের উদ্দেশে জেআর পরিবহনে করে রওনা দেন। পথিমধ্যে অজ্ঞান পার্টির সদস্যরা তাদের খাবারের সাথে চেতননাশক কিছু খাইয়ে তাদের অজ্ঞান করে। এ সময় তাদের কাছে থাকা নগদ ২ লাখ টাকা তারা হাতিয়ে নেয়। ভোরে মুজিবনগরে পরিবহন পৌঁছলে পরিবহনের সুপাভাইজার তাদের অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।