
নিউজ ডেস্ক: ঢাকার কেরাণীগঞ্জ উপজেলার শাপ্তা এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে করে সেখানে দুই শিশুর মৃত্যু হয়েছে। আর আহত হয়েছে আরও ৪ জন। আজ শনিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কেরাণীগঞ্জ মডেল থানার সহকারী উপপরিদর্শক মহরম হোসেন বলেছেন, আজ সকালে শাপ্তা এলাকার ক্রাউন মেলামাইন কারখানার সামনে একটি নোয়া মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে করে গাড়িটির বেশিরভাগ অংশ খাদের জলে ডুবে যায়। ওই গাড়িতে থাকা দুই শিশু ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয় লোকজনরা এসে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।