
নিউজ ডেস্ক: চলতি মাস সেপ্টেম্বরে বঙ্গোপসাগরে এক থেকে দুটি মৌসুমী নিম্নচাপের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এই কথা বলেছেন অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ।
তিনি বলেছেন, চলতি এ মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের পাশাপাশি গঙ্গা, বহ্মপুত্র ও মেঘনা অববাহিকার প্রবাহও স্বাভাবিক থাকবে। আবার এদিকে ঝড়ো হাওয়ার শঙ্কায় সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রয়েছে।
আবহাওয়াবিদ মো. আরিফ হোসেন বলেছেন, লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আর এ জন্য চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঊপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
আজ আবহাওয়ার পূর্বাভাস বলেছে, দেশের সব বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকাসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। আবার কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।