
নিউজ ডেস্কঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় পল্লি সঞ্চয় ব্যাংকের ফিল্ড সুপারভাইজারকে পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত রেজাউল করিম (৩৩) আদমদীঘি উপজেলা পল্লি সঞ্চয় ব্যাংকের ফিল্ড সুপার ভাইজার ছিলেন।
আজ শুক্রবার (০২ সেপ্টেম্বর) সকালে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। তিনি বগুড়া সদর থানার বামনপাড়ার মৃত হাফিজুর রহমানের ছেলে।
এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকালে মোটরসাইকেলে করে রেজাউল করিম নন্দীগ্রাম পল্লি উন্নয়ন অফিসের সহকারী অফিসার জিল্লুর রহমানের কাছে চাকরি সংক্রান্ত পাওনা ছয় লক্ষ টাকা ফেরত নিতে নন্দীগ্রামে আসে। এরপর রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করতে থাকে। শুক্রবার বুড়ইল ইউনিয়নের বীরপলি সড়কের পাশে পোতা রাস্তায় তার লাশ পাওয়া যায়। ঘটনার পর থেকে জিল্লুর রহমান পলাতক রয়েছেন।
এলাকাবাসীর ধারণা, তাকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ পেট্রোলে ঢেলে পুড়িয়ে দেয়া হয়েছে।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, তার ব্যবহৃত হোন্ডা কোম্পানির ৮০ সি.সি. মোটরসাইকেলটি পাওয়া যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।